ভারতে কয়লা উত্তোলন ৮.৬% বেড়েছে
বিদায়ী অর্থবছর ভারতের কয়লা উত্তোলন ৮ দশমিক ৬ শতাংশ বেড়েছে। উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭ কোটি ৭২ লাখ টনে। দেশটির সরকার সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
খাতসংশ্লিষ্টরা জানান, নভেল করোনাভাইরাস মহামারীজনিত বিধিনিষেধ শিথিল করে দেয়ার পর ভারতের অর্থনীতিতে গতি ফিরতে শুরু করে। এ কারণে কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোয় জ্বালানিটির চাহিদা ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।
সরকারি তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরে কয়লার সরবরাহ ১৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে। সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে ৮১ কোটি ৮০ লাখ টনে। স্থানীয় সরবরাহ উত্তোলনকে ৫ দশমিক ২ শতাংশ ছাড়িয়ে গিয়েছে।
ভারতে মোট কয়লা ব্যবহারের এক-চতুর্থাংশই যায় বিদ্যুৎ খাতে। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনে প্রায় ৭৫ শতাংশ কয়লা ব্যবহার করা হয়। তথ্য বলছে, বিদায়ী অর্থবছর ভারত ১৭ কোটি ৩২ লাখ টন কয়লা আমদানি করে। এক বছরের ব্যবধানে আমদানি কমেছে ১৬ দশমিক ৪ শতাংশ। এক বছর আগেও দেশটি ২০ কোটি ৭২ লাখ ৪০ হাজার টন কয়লা আমদানি করেছিল। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহূত কয়লা আমদানি ২৩ দশমিক ৩ শতাংশ কমেছে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৫৬ লাখ ১০ হাজার টনে।



