ব্যবসায়ী বাবু হত্যায় গন্ডারের মৃত্যুদণ্ড, দুই ভাইসহ ৩ জনের যাবজ্জীবন
রাজধানীর মিরপুরে স্টেশনারি দোকানি কাজী জহুরুল ইসলাম বাবু হত্যায় মামলায় এমদাদুল হক ওরফে গন্ডার নামে একজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে গন্ডারের দুই ভাই শহিদুল্লাহ ও মনির এবং তাদের সহযোগী আজাদুলের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
দণ্ডিত আসামিদের মধ্যে শহিদুল্লাহ পলাতক রয়েছেন। অপর তিন আসামি কারাগারে ছিলেন। আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন এ মামলা পরিচালনা করেন।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৩ সালের ১৭ জুলাই বেলা ১১টার দিকে স্টেশনারি দোকানি কাজী জহুরুল ইসলাম বাবুকে মিরপুরের মধ্য মনিপুর এলাকার বাসা থেকে ডেকে ছুরিকাঘাতে হত্যা করে আসামিরা। এ ঘটনায় ওইদিনই নিহতের ভাই কাজী তাজুল ইসলাম মিরপুর মডেল থানায় মামলা করেন।
মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর ইমানুর হোসেন মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ২৬ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর আদালত চার আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে আদালত চার্জশিটভূক্ত ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন।



