down of head

বিশ্ববাজারে সোনার দাম কমলেও দেশে অপরিবর্তিত

বিশ্ববাজারে গত পাঁচ দিনে সোনার দাম প্রতি ট্রয় আউন্সে ১০৫ ডলারের বেশি কমেছে। তবে এর কোনো প্রভাব পড়েনি বাংলাদেশের বাজারে। গত ১৯ সেপ্টেম্বরের পর থেকে দেশে সোনার দাম অপরিবর্তিত রয়েছে।

গোল্ড প্রাইস ডট ওআরজির তথ্যমতে, ১৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে স্পট সোনার দাম ছিল প্রতি ট্রয় আউন্স ৪ হাজার ৩৭৮ দশমিক ২৫ ডলার। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তা নেমে এসেছে ৪ হাজার ২৭২ দশমিক ৯৪ ডলারে। অর্থাৎ পাঁচ দিনে দাম কমেছে ১০৫ দশমিক ৩১ ডলার।

ডলারের দাম ১২৩ টাকা ধরে হিসাব করলে, এই সময়ে আন্তর্জাতিক বাজারে প্রতি ভরি সোনার দাম কমেছে প্রায় ৪ হাজার ৮৬২ টাকা।

তবে বাংলাদেশে সর্বশেষ ১৯ সেপ্টেম্বর সোনার দাম সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

আন্তর্জাতিক বাজারের স্পট গোল্ডের দাম এবং দেশের বাজারে গহনার দামের মধ্যে পার্থক্য রয়েছে। স্থানীয় সরবরাহ, আমদানি ব্যয়, গহনা তৈরির মজুরি ও করসহ বিভিন্ন খরচ যুক্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশে একই হারে দাম কমে না।

সম্পর্কিত খবর