ফল আমদানিতে শতভাগ নগদ মার্জিনের বাধ্যবাধকতা তুলে দিলো বাংলাদেশ ব্যাংক
ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন রাখার বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ফল আমদানির এলসিতে নগদ মার্জিনের হার নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো।
রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এতে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখতে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বিভিন্ন বিলাসজাতীয় পণ্য এবং দেশে উৎপাদিত বিকল্প পণ্যের আমদানিতে এলসি খোলার সময় ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল। ওই তালিকায় ফলও ছিল।
তবে সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও বৈদেশিক লেনদেনে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ধীরে ধীরে ফিরছে। ফলে ফল আমদানিতে ১০০ শতাংশ নগদ মার্জিন রাখার বাধ্যবাধকতা আর প্রয়োজন নেই বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
এ কারণে জনস্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণ, ফল আমদানির প্রক্রিয়া সহজ করা এবং প্রতিযোগিতামূলক বাজারের মাধ্যমে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ফল আমদানির এলসি খোলার সময় নির্দিষ্ট করে ১০০ শতাংশ নগদ মার্জিন রাখতে হবে না। ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্ক, ব্যবসার ধরন ও ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট ব্যাংকই মার্জিনের হার নির্ধারণ করবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা মূল সার্কুলার লেটারের অন্যান্য নির্দেশনা এবং পরবর্তী সময়ে এ বিষয়ে জারি করা নির্দেশনাগুলো অপরিবর্তিত থাকবে। নতুন এ নির্দেশনা রোববার থেকেই কার্যকর হয়েছে।


