প্রাতিষ্ঠানিক তহবিল ব্যবস্থাপনায় আগ্রহী এএমসিগুলো
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ডসহ বিভিন্ন কোম্পানির কাছে থাকা তহবিল ব্যবস্থাপনা করতে আগ্রহী দেশের সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলো (এএমসি)। এজন্য শিগগিরই তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তহবিল ব্যবস্থাপনা বিষয়ে যোগাযোগ করবে। গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিষয়টি উঠে আসে।
সভায় বিএসইসির পক্ষে সংস্থাটির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এবং পরিচালক মাহমুদুল হক উপস্থিত ছিলেন। অন্যদিকে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডসের (এএএমসিএমএফ) প্রেসিডেন্ট ড. হাসান তাহের ইমামসহ সংগঠনটির সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে থাকা তহবিল ব্যবস্থাপনার দায়িত্ব পালনের সুযোগ রয়েছে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর। এ তহবিল পুঁজিবাজারে বিনিয়োগ করা হলে বাজারে তারল্য সরবরাহ বাড়বে। তাই বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তহবিল ব্যবস্থাপনার জন্য যোগাযোগ করতে এমএমসিগুলোকে পরামর্শ দেয়া হয়েছে। সম্পদ ব্যবস্থাপকদের কাছে বর্তমানে যে পরিমাণ তারল্য রয়েছে সেটি তারা সামনের সপ্তাহ থেকে পুঁজিবাজারে বিনিয়োগ করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি মিউচুয়াল ফান্ডের আকার আরো বাড়ানোর বিষয়েও তারা একমত হয়েছেন।
পুঁজিবাজার পরিস্থিতি: গতকাল লেনদেন শুরুর পর থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। ৪০ মিনিট সূচকে কিছুটা নিম্নমুখিতা দেখা যায়। অবশ্য দুপুর ১২টার পর থেকে লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত ইতিবাচক ছিল সূচক। ফলে শেষ পর্যন্ত গতকাল দিন শেষে ৩৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স, আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৬৩০ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান ছিল বেক্সিমকো লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড (বিএটিবিসি), স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও আইএফআইসি ব্যাংকের শেয়ারের।
ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন শেষে যা ছিল ২ হাজার ৪১৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে প্রায় ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৩৫ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন শেষে যা ছিল ১ হাজার ৪২৯ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ১ হাজার ৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৭৭৩ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে মাত্র ১৯৩টির, কমেছে ১৪৭টির আর অপরিবর্তিত ছিল ৩৯টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ২ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে তথ্যপ্রযুক্তি খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দশমিক ৯ শতাংশ দখলে নিয়েছে বস্ত্র খাত। ৯ দশমিক ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। চতুর্থ অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল লেনদেনের ৮ দশমিক ৬ শতাংশ। এছাড়া বিবিধ খাতের দখলে ছিল মোট লেনদেনের ৮ দশমিক ৫ শতাংশ।



