নরসিংদীতে কুপিয়ে যুবককে হত্যা

মাদক ব্যবসাকে কেন্দ্র করে নরসিংদীতে সুমন ওরফে কাইল্যা সুমন নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। অন্যদিকে নরসিংদীর পলাশের জিনারদীতে বরাব রেললাইনের পাশ থেকে সুমন সাহা নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের মোল্লা বাড়ি জামে মসজিদ রোডে সুমনকে এলোপাতাড়ি কোপায় সন্ত্রাসীরা। নিহত সুমন মিয়া (৩৬) সংগীতা এলাকার ছোবান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাতে দাসপাড়া এলাকার একটি খানকা শরীফ থেকে সংগীতার দিকে ফিরছিলেন সুমন। মোল্লা বাড়ি মসজিদের সামনে এলে চিনিশপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য রাদিব তামজিদ জুয়েল, তার ভাই সোহেল এবং খায়রুল ও রাজ্জাকসহ ৫ অস্ত্রধারী সন্ত্রাসী তার গতিরোধ করে। তারা সুমনকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী নিপা বেগম বলেন, আমার স্বামীকে প্রায়ই জুয়েল ও তার ভাই সোহেল মেরে ফেলার হুমকি দিত।

নরসিংদী সদর মডেল থানার ওসি তানবীর আহাম্মেদ বলেছেন, সুমনের সঙ্গে এলাকার বেশ কয়েকজনের দ্বন্দ্বের খবর পাওয়া গেছে। তাছাড়া মাদক ব্যবসা, বাজার কমিটি নিয়েও দ্বন্দ্ব রয়েছে। এসবের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুমনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই, দ্রুত বিচার আইনে ১০টি মামলা রয়েছে।

এদিকে পলাশ থানার ওসি মো. ইকতিয়ার উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের ধাক্কায় সুমন সাহার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত খবর