নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
পুঁজিবাজারকে আধুনিকায়নের অংশ হিসেবে নতুন ও আধুনিক ওয়েবসাইট উদ্বোধন চালু করেছে দেশের প্রধান পুঁজিবাজার- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নতুন ওয়েবসাইটটি আগামীকাল থেকে সবার জন্য উন্মুক্ত করা হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জের ডিএসই টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুমিনুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিজহাত আনোয়ারসহ ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ার বলেন, আন্তার্জাতিক মানদণ্ড অনুসারে আমাদের নতুন ওয়েবসাইটটি ডিজাইন করা হয়েছে। বিনিয়োগকারীদের চাহিদার আলোকে এবারের ওয়েবসাইটটির ভেতরে অনেক নতুন ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে একইসঙ্গে আগের থেকে আরো অনেক বেশি তথ্য জানতে পারবেন বিনিয়োগকারীরা।
তিনি জানান, নতুন ওয়েবসাইটটি আগামীকাল থেকে সবার জন্য উন্মুক্ত করা হবে। তবে পুরনো ওয়েবসাইটটিও আগামী ডিসেম্বর-২০২৬ পর্যন্ত সচল থাকবে। যাতে বিনিয়োগকারীরা নতুন ওয়েবসাইটটিতে ধীরে ধীরে অভ্যস্ত হতে পারে। এসময়ে পুরনো ওয়েবসাইটটিও সচলভাবে কাজ করবে। আগামী ডিসেম্বরের পরে শুধু নতুন ওয়েবসাইটটি থাকবে।



