দুর্নীতিবাজ-ঘুষখোর নেতাদের আ.লীগে দরকার নেই
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, দূর্নীতিবাজ ও ঘুষখোর নেতাদের আওয়ামী লীগে দরকার নাই। চাকরি দেবার জন্য ঘুষ চায়, ভাতার জন্য ঘুষ খায় এ রকম নেতা আওয়ামী লীগে দরকার নাই।
তিনি বলেন, আজ আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সিংড়া উপজেলাকে উন্নত, আধুনিক ও নিরাপদ সিংড়া গড়তে হবে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, স্কুল, কলেজ মাদ্রাসার ভবন করেছে সরকার। ৩০০ কি.মি. পাকা রাস্তা করে দিয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ, বিনা মূল্যে সার, বই দিচ্ছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব দিচ্ছে।
পলক বলেন, ইউপি নির্বাচনে দলের কোনো প্রার্থী সহিংসতা সৃষ্টি করলে তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। নৌকা প্রতীক জননেত্রী শেখ হাসিনা যাকে উপহার দেবে তার পক্ষে নির্বাচন করতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জান্নাতুল ফেরদৌস প্রমুখ।


