তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় কমেছে মনোস্পুল পেপারের
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। আর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৫০ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৬৫ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় কমেছে ১৫ পয়সা। অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে (জুলাই, ২০২৩-মার্চ, ২০২৪) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭১ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৭৯ পয়সা। অর্থাৎ প্রথম তিন প্রান্তিকের হিসাবে শেয়ারপ্রতি আয় কমেছে ২ টাকা ৮ পয়সা। এছাড়া ২০২৪ সালের ৩১ মার্চে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ২১ পয়সা, যা ২০২৩ সালের ৩০ জুনে ছিল ৫২ টাকা ১৭ পয়সা। প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৫ টাকা ১৮ পয়সা।
উল্লেখ্য, কাগজ ও মুদ্রণ খাতের ‘এ’ ক্যাটেগরির প্রতিষ্ঠানটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত ম‚লধন ৩৪ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৮ কোটি ৬৫ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ৫ হাজার ১০১। এর মধ্যে ৪৮ দশমিক ৬৭ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ৯ দশমিক ৬০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪১ দশমিক ৭৩ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছিল কোম্পানিটির পর্ষদ। ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। আর ১০ শতাংশ স্টক লভ্যাংশে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৩ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪৪ টাকা ৮৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৪০ টাকা ৪৩ পয়সা।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ২৩ পয়সা। ৩০ জুন, ২০২১ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪০ টাকা ৪৩ পয়সা।
এদিকে সর্বশেষ কোম্পানিটির শেয়ারদর ডিএসইতে ২ দশমিক ৯৯ শতাংশ বা ৫ টাকা ৬০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১৮১ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ৫ হাজার ১৯৫টি শেয়ার মোট ৬১ বার হাতবদল হয়, যার বাজারদর ৯ লাখ ৪০ হাজার টাকা। তবে গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর সর্বনি¤œ ১৩৪ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৫৭ টাকার মধ্যে লেনদেন হয়েছে।



