তিন বিমা কোম্পানির মুনাফায় প্রবৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন বিমা কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স চলতি বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আলোচিত সময়ে তিনটি কোম্পানিরই মুনাফায় প্রবুদ্ধি হয়েছে। এর মধ্যে এশিয়া ইন্স্যুরেন্সের মুনাফা সবচেয়ে বেশি বেড়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানি তিনটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এশিয়া ইন্স্যুরেন্স

চলতি বছরের প্রথম ছয় মাসে এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮৪ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ৫১ পয়সা। ফলে ইপিএস বেড়েছে ৩৩ পয়সা বা ৬৫ শতাংশ।

আর বছরের ব্যবধানে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ১১ পয়সা থেকে বেড়ে ৩৩ পয়সায় উন্নিত হয়েছে। এই হিসাবে ইপিএস বেড়েছে ২০০ শতাংশ। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ২৭ পয়সা।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, এজেন্ট কমিশন বাবদ কোনো ব্যয় না হওয়া এবং তালিকাভুক্ত শেয়ারে বিনিয়োগের বিপরীতে অতিরিক্ত কোনো প্রভিশন সংরক্ষণ না করায় মুনাফা বেড়েছে।

মেঘনা ইন্স্যুরেন্স

চলতি বছরের প্রথম ছয় মাসে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৮৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৬৭ পয়সা। এতে ইপিএস বেড়েছে ৩১ শতাংশ।

আর দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ৩০ পয়সা থেকে বেড়ে ৪১ পয়সায় উন্নীত হয়েছে। এই বৃদ্ধির হার ৩৭ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৭ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, আয় বৃদ্ধি এবং ব্যয় কমে যাওয়ায় চলতি সময়ে মুনাফা ও ইপিএস বেড়েছে।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৭১ পয়সা। ফলে ইপিএস বেড়েছে ২২ পয়সা বা ৩১ শতাংশ।

আর দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ৩১ পয়সা থেকে বেড়ে ৪৪ পয়সা দাঁড়িয়েছে। ফলে ইপিএস বেড়েছে ৪২ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭১ পয়সা।

সম্পর্কিত খবর