গুলশানে ব্র্যাক ব্যাংকের ২৪ ঘণ্টার ডিজিটাল সার্ভিস সেন্টার চালু

দিনরাত ২৪ ঘণ্টা প্রযুক্তিনির্ভর ও সুবিধাজনক ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে ঢাকার গুলশান অ্যাভিনিউতে একটি ডিজিটাল সার্ভিস সেন্টার চালু করেছে ব্র্যাক ব্যাংক।

শনিবার (৮ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

‘ব্র্যাক ব্যাংক ফাস্ট ট্র্যাক’ নামের এই স্বয়ংক্রিয় সেবাকেন্দ্রটি সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টাই খোলা থাকবে। উত্তর গুলশানের বাণিজ্যিক এলাকায় অবস্থিত এই সেন্টারে দুটি ক্যাশ রিসাইক্লিং মেশিন এবং একটি এটিএম রয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা যেকোনো সময় টাকা জমা, উত্তোলন ও অর্থ স্থানান্তরসহ প্রয়োজনীয় বিভিন্ন ব্যাংকিং সেবা নিতে পারবেন।

গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতা আরও সহজ করতে এখানে একজন ডিজিটাল অ্যাম্বাসেডর থাকবেন। ব্যাংকিং সময় তিনি গ্রাহকদের ডিজিটাল অ্যাকাউন্ট খোলা, আস্থা অ্যাপের মাধ্যমে ‘আস্থা সেবা’ গ্রহণ এবং আমানত ও ঋণ পণ্য সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

এই আধুনিক সেবাকেন্দ্রটি ব্র্যাক ব্যাংকের গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন, স্বয়ংক্রিয় লেনদেন বৃদ্ধি এবং কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্ট বাড়ানোর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

৬ জুলাই ২০২৬ গুলশান ২-এর ভেঞ্চুরা অ্যাভিনিউতে এই সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ও শাখা বিতরণ নেটওয়ার্কের প্রধান শেখ মোহাম্মদ আশফাক, উপব্যবস্থাপনা পরিচালক ও বিকল্প ব্যাংকিং চ্যানেলের প্রধান নাজমুর রহিম, সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই ডিজিটাল উদ্যোগ নিয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমাদের সেবার পরিধি বাড়াতে এই সেন্টারটি একটি বড় মাইলফলক। দৈনন্দিন বড় অঙ্কের লেনদেনগুলো স্বয়ংক্রিয় প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে আমরা গ্রাহকদের ব্যাংকিংয়ে যেমন স্বাচ্ছন্দ্য নিশ্চিত করছি, তেমনি আমাদের ডিজিটাল অ্যাম্বাসেডরদের কাজের পরিধিও বাড়াচ্ছি। দেশজুড়ে আমরা এই ডিজিটাল সার্ভিস সেন্টারের নেটওয়ার্ক আরও বাড়িয়ে যাব।”

সম্পর্কিত খবর