ফুলেল শুভেচ্ছায় শিক্ত হলেন ফখরুল ইসলাম এমপি

আমি জাতীয় নেতা নই, আপনাদের মতো সাধারণ মানুষ।” নিজের সম্পর্কে এমন মূল্যায়ন করে প্রশংসিত হয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মো. ফখরুল ইসলাম।

নোয়াখালী-৫ আসনের যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বুধবার (৫ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টায় যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের কনি আইল্যান্ড অ্যাভিনিউ-এর “জলসা” রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য মো. নাঈম টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নোয়াখালী জাতীয়তা ফোরামের (যুক্তরাষ্ট্র) যুগ্ম সম্পাদক মোরসালিন হোসেন ও যুক্তরাষ্ট্র প্রবাসী মোশারফ হোসেন ফয়সল।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তাঁকে নির্বাচিত করায় নোয়াখালী-৫ আসনের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান মো. ফখরুল ইসলাম। একই সঙ্গে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ায় দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান।

তিনি নোয়াখালী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের প্রশংসা করে বলেন, “কেউ স্বীকার করুক আর না করুক, নোয়াখালী-৫ আসনের উন্নয়নে অবদান ছিল তাঁর।”

 

‘ফুলের তোড়ায় বরণ করে নেওয়া হচ্ছে ফখরুল ইসলামকে’

 

অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সম্পর্কে তিনি বলেন, “ওবায়দুল কাদের ভাই যোগাযোগ মন্ত্রী থাকলেও এ আসনের যোগাযোগ ব্যবস্থায় তেমন অবদান রাখতে পারেননি।”

সভাপতির বক্তব্যে নাঈম টুটুল বলেন, “নোয়াখালী-৫ আসনে ব্যারিস্টার মওদুদ আহমেদের পর কে দায়িত্ব নেবে এটি নিয়ে হাহাকার ছিল। কিন্তু নোয়াখালী-৫ আসনের মানুষের সৌভাগ্য আমরা মো. ফখরুল ইসলামের মতো মানুষকে নির্বাচিত করতে পেরেছি।”

ফখরুল ইসলামের উদ্দেশে টুটুল বলেন, মওদুদ আহমেদের যেখানে শেষ, সেখানে আপনার শুরু। যে কারণে আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্রস্থ নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা জসীম উদ্দিন ভুঁইয়া, বিএনপি নেতা জাহির উদ্দিন সেলিম ও যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য আল হারুন প্রমুখ।

সম্পর্কিত খবর