কুপিয়ে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আটক ২
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেল স্টেশন এলাকায় রিয়াজ শেখ (২৫) নামে এক যুবকের কব্জি কেটে দেওয়ার ঘটনার মূলহোতাসহ দুই জনকে গ্রেফতরা করা হয়েছে। বুধবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৮ ফরিদপুরের কোম্পানি কমান্ডার শফিকুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলো—উত্তর দৌলতদিয়া শামসুল মাস্টার পাড়ার হাশেম শেখের ছেলে হুমায়ুন শেখ (১৮) এবং তার সহযোগী একই গ্রামের সালেক শেখের ছেলের ফরহাদ শেখ (২৫)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রেমঘটিত কারণে গত ৬ মার্চ রিয়াজ শেখের হাতের কব্জি বিচ্ছিন্ন করে হত্যার চেষ্টা করে হুমায়ুন ও ফরহাদ। অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়। এরই ধারাবাহিকতায় ঘটনার মূলহোতা হুমায়নকে কুষ্টিয়া ও ফরহাদকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুমায়ুন জানিয়েছে, তার সঙ্গে পার্শ্ববর্তী এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু রিয়াজের কারণে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এরই প্রেক্ষিতে গত ৬ মার্চ সন্ধ্যায় দৌলতদিয়া রেল স্টেশন এলাকায় ধারালো অস্ত্র (দা) দিয়ে রিয়াজের হাতের কব্জি বিচ্ছিন্নপূর্বক হত্যার চেষ্টা চালায়।
র্যাব জানায়, হুমায়ুন শেখ বিভিন্ন অসামাজিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। কয়েক বছর আগে সে নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় ১৪ দিন কারাভোগ শেষে জামিনে ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাদেরকে রাজবাড়ীর রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
ভুক্তভোগী রিয়াজ শেখ দৌলতদিয়া ইউনিয়নের সোরাপ মন্ডল পাড়ার বাবু শেখের ছেলে। বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ ঘটনায় মঙ্গলবার (৮ মার্চ) রেলওয়ে থানায় মামলা করেন রিয়াজের মা।


