down of head

কারখানার সক্ষমতা বাড়াবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

কারখানার বর্তমান সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। এজন্য প্রায় ২৬ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরের ললাটি মৌজায় জমি কিনেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এ জমিতে নতুন করে অবকাঠামো নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। জমি উন্নয়ন থেকে শুরু করে সীমানাপ্রাচীর নির্মাণ, প্রধান ফটক তৈরি, নিরাপত্তারক্ষীদের জন্য ঘর ও সড়ক নির্মাণ করা হবে। এজন্য আনুষঙ্গিক খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে ৯ কোটি টাকা।

এছাড়া কাঁচামাল, প্যাকিংয়ের সরঞ্জাম, ফিনিশড গুডস, ক্রাফট পেপার ও ফিনিশড কার্টন রাখার অবকাঠামো নির্মাণে কাঁচপুরের কুতুবপুরে কোম্পানির নিজস্ব জমিতে মোট ৭৩ হাজার বর্গফুটের পাঁচতলা ভবন নির্মাণ করা হবে। এছাড়া কার্টন ও স্ন্যাকস ইউনিটের বিদ্যমান ৭ হাজার ৩০০ বর্গফুটের টিনশেডের জায়গাটিও সম্প্রসারণ করা হবে। এজন্য ব্যয় ধরা হয়েছে সাড়ে ৮ কোটি টাকা।

কুতুবপুরে কার্টন ইউনিটের বিদ্যমান উৎপাদন সক্ষমতা প্রতি মাসে ৬০-৬৫ লাখ পিস থেকে বাড়িয়ে প্রতি মাসে ৮০ লাখে নিতে চায় কোম্পানিটি। এজন্য চীন থেকে এক সেট করে বেইলিং প্রেস, হাই স্পিড প্রিন্টার স্লটার ও ফোর্ক লিফট আমদানি করবে তারা। এজন্য ১ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

পাশাপাশি চীন থেকে কেক তৈরির সরঞ্জাম, প্যাকিং লাইন, জেনারেটর, মেটাল ডিটেক্টরসহ অন্যান্য সরঞ্জামও আমদানি করা হবে। এছাড়া নতুন প্রডাকশন লাইনসহ অন্যান্য সম্প্রসারণমূলক কাজ করবে তারা। সব মিলিয়ে চার পর্যায়ে মোট ২৫ কোটি ৬৫ লাখ টাকা বিনিয়োগ করা হবে।

সম্পর্কিত খবর