কম ওজনে নাবিস্কো, জরিমানা ২ লাখ
বিস্কুটের মোড়কে ঘোষিত ওজনের চেয়ে কম পণ্য সরবরাহ করা এবং বিভ্রান্তিকর তথ্য প্রদর্শনের অপরাধে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
অভিযানকালে বিএসটিআইয়ের প্রতিনিধি দল দেখতে পায়, প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের প্রকৃত ওজন মোড়কে ঘোষিত ওজনের তুলনায় বেশ কম। এছাড়া একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন ওজন উল্লেখ করে রাখা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করার শামিল। ওজনে কম দেওয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ধারা ২৪(৪১) অনুযায়ী সরাসরি অপরাধ।
এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন ও বাজারজাত করার কঠোর নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
বিএসটিআই-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম-এর পরিচালনায় এই অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সার্বিক সহায়তা দেয়। এ সময় বিএসটিআই-এর প্রসিকিউটর কর্মকর্তা হিসেবে ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা এবং মেট্রোলজি পরিদর্শক রাভী মোহাম্মদ ইতমাম উপস্থিত ছিলেন।
সাধারণ ভোক্তাদের অধিকার রক্ষা ও বাজারে ন্যায্য বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে বিএসটিআই-এর এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


