এবার পুরনো এলসির অধীনেও গম দিচ্ছে না ভারত
এবার পুরনো এলসির বিপরীতেও বন্ধ হয়েছে ভারত থেকে গম আমদানি। গতকাল সকালে গমবাহী কোনো ট্রাক দেশের অভ্যন্তরে প্রবেশ করেনি। এদিকে রফতানি বন্ধের খবরে কেজিতে ৭-৮ টাকা পর্যন্ত বেড়েছে শস্যটির দাম।
তথ্য বলছে, স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে গত শনিবার গম রফতানি বন্ধ করে দেয় ভারত সরকার। তবে পুরনো এলসির বিপরীতে গম সরবরাহ করা হবে বলে জানিয়েছিল দেশটি। ফলে ওইদিনের প্রথমার্ধে আমদানি বন্ধ থাকলেও দ্বিতীয়ার্ধে হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি অব্যাহত ছিল।
সংশ্লিষ্টরা জানান, সোমবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি অব্যাহত থাকলেও খুব অল্প পরিমাণ গম ঢুকেছে। ফলে প্রতি কেজি গমের দাম ৩৪ টাকা থেকে বেড়ে ৪১-৪২ টাকা পর্যন্ত উঠেছে।
ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, আমি হিলি স্থলবন্দর থেকে গম ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে ময়দার মিলে সরবরাহ করি। গত বৃহস্পতিবার বন্দর থেকে যে গম প্রতি কেজি ৩৪ টাকায় কিনেছি, গতকাল সেই গম ৪১ টাকায় কিনতে হয়েছে।
হিলি স্থলবন্দরের গম আমদানিকারক হায়াৎ মোহাম্মদ শেরেগুল ইসলাম বলেন, যুদ্ধের কারণে ইউক্রেন ও রাশিয়া থেকে গম আমদানি বন্ধ। ফলে চাহিদা মেটাতে বেশ কিছুদিন ধরেই ভারত থেকে গম আমদানি করা হচ্ছিল। কিন্তু দেশের চাহিদা মেটাতে ও গমের দাম স্থিতিশীল রাখতে গত শনিবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয় গম রফতানি বন্ধ করে দেয়। তবে বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শর্ত কিছুটা শিথিল করলে ১২ মে পর্যন্ত যেসব গমের এলসি দেয়া হয়েছিল, সেগুলোর গম রফতানির প্রতিশ্রুতি দেয় ভারত। সেই সঙ্গে যেসব এলসির বিপরীতে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, সেগুলোও শনিবার দুপুরের পর থেকে রফতানি করছিল। কিন্তু হঠাৎ রফতানি বন্ধ হয়ে গিয়েছে।



