ইলিশের উৎপাদন বেড়েছে: প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সরকারের পৃষ্ঠপোষকতা, মৎসজীবীদের সহায়তা এবং সময়োপযোগী বিভিন্ন উদ্যোগ নেওয়ায় ইলিশের উৎপাদন বেড়েছে। ইলিশ মানুষের ক্রয়সীমার মধ্যে এসেছে।
আজ বুধবার সকালে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আগামী ৩১শে মার্চ থেকে ৬ই এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করা হবে। এবারের প্রতিপাদ্য ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ। এ বছর ইলিশ সম্পৃক্ত ২০টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
বিগত ২০০৮-০৯ সালে ইলিশের উৎপাদন ছিল ২ লাখ ৯৮ হাজার মেট্রিক টন। এখন ইলিশের উৎপাদন ২০২০-২১ অর্থবছরে ৫ লাখ ৬৫ হাজার মেট্রিক টনে পৌঁছেছে। এটা সম্ভব হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতা, মৎসজীবীদের সহায়তা এবং সময়োপযোগী বিভিন্ন উদ্যোগ নেওয়ার কারণে।
আজ ইলিশ মানুষের ক্রয়সীমার মধ্যে এসেছে। ইলিশ উৎপাদনে প্রতিকূলতা হলো কারেন্ট জাল-সুতি জালে নির্বিচারে জাটকা নিধন। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো ইলিশ সবার নাগালের ভেতরে নিয়ে আসা। একটা পর্যায়ে ইলিশের পর্যাপ্ত উৎপাদন দেশের প্রান্তিকসীমায় সবাই যখন ইলিশের স্বাদ নিতে পারবে, তারপর আমরা বাণিজ্যিকভিত্তিতে বিদেশে ইলিশ রপ্তানি করার কথা চিন্তা-ভাবনার ভেতরে রেখেছি।



