ইউক্রেনের সেনাদের ট্যাংকবিধ্বংসী ড্রোন চালানো শেখাচ্ছে যুক্তরাষ্ট্র
রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনীয় সেনাদের ট্যাংকবিধ্বংসী সুইচব্লেড ড্রোন চালানো শেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ড্রোনটি ‘কামিকাজে ড্রো’ নামে পরিচিত। ইউক্রেনকে নতুন যে অস্ত্র সহায়তা দেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে এই ড্রোন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বরাত দিয়ে সিএনএনের খবরে বলা হয়, পোল্যান্ডে অবস্থিত মার্কিন সেনা স্টেশনে ন্যাটোর তত্ত্বাবধানে ইউক্রেনীয় সেনাদের ড্রোন চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সুইচব্লেড ড্রোনের ব্যবহার শেখা ইউক্রেনীয় সেনারা যুক্তরাষ্ট্রে পেশাদার সামরিক শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছেন। মার্কিন এক সামরিক কর্মকর্তা বলেছেন, শিগগিরই ইউক্রেনে ফিরে যাওয়ার আগে এ প্রশিক্ষণরত সেনাদের অন্যান্য অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণও দেওয়া হতে পারে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মুখপাত্র জন কিরবি বলেন, এটি এমন একটি বিধ্বংসী অস্ত্র, যা ব্যাকপ্যাকের মধ্যেও রাখা যায়। অপারেটর নিজের থেকে কয়েক মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেন। এ ড্রোনের সামনের অংশে ট্যাংকবিধ্বংসী এক ধরনের ব্লেড ব্যবহার করা হয়। ইউক্রেনকে মোট ১০টি সুইচব্লেড ড্রোন পাঠানো হবে বলে জানান তিনি।
এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, বাড়তি এই ১০ কোটি ডলারের অস্ত্রের মধ্যে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে জরুরি ভিত্তিতে পাঠানো হবে। কংগ্রেসের অনুমোদন ছাড়াই মার্কিন সরকার ইউক্রেনকে এই অস্ত্র দিতে যাচ্ছে। গত বছরের আগস্ট মাস থেকে এ পর্যন্ত ইউক্রেনে মোট ছয়বার অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
কিরবি জানিয়েছেন, ইউক্রেনকে ট্যাংকবিধ্বংসী জাভেলিন ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য নতুন করে তহবিল বরাদ্দ দেওয়ার প্রয়োজন হবে।



