বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি: নিখোঁজ পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নদী পারাপারের সময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে তিতাস নদীর মনিপুর এলাকা থেকে অসিম চন্দ্র আশ্চর্যের (৩৫) ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে শনিবার রাত ৮টার দিকে উপজেলার তিতাস নদীর মনিপুর এলাকায় নদীতে ডুবে নিখোঁজ হন তিনি। নিখোঁজ অসিম উপজেলার বিদ্যা্কুট ইউনিয়ন মনিপুর গ্রামের মৃত গোপী চন্দ্র আচার্যের ছেলে।
জানা যায়, অসিম চন্দ্র আচার্য মনিপুর থেকে ছোট নৌকায় করে গোসাইপুর বাজারে যাচ্ছিলেন। পথে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় তার ছোট নৌকাটি ডুবে গেলে অসিম চন্দ্র আশ্চর্যও পানিতে তলিয়ে যান। তবে তার সঙ্গে থাকা নেপাল সরকার সাঁতরে তীর উঠতে সক্ষম হন।
তবে নৌকায় ধাক্কা দেওয়া বালুবাহী বাল্কহেডটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার পর খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এর পর নবীনগর ও ব্রাহ্মণবাড়িয়া সদরের দমকল বাহিনীর সদস্যরা রাত সাড়ে ১০টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করা পারেনি।
এ বিষয়ে নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, নিখোঁজ অসিমকে তিতাস নদীর মনিপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেছে পুলিশ।


