রাজস্ব ঘাটতি ও ঋণের চাপে চ্যালেঞ্জে সরকার
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ভঙ্গুর অর্থনীতি, নিম্ন রাজস্ব আহরণ ও ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। একদিকে নিম্ন রাজস্ব আহরণ, অন্যদিকে ঋণের বাড়তি চাপ; এই দুই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার পুনরুদ্ধার ও সংস্কার কর্মসূচি নিয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিতুমীর বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশের অভ্যন্তরীণ রাজস্ব আহরণ ছিল জিডিপির ৬ দশমিক ৬৭ শতাংশ। দক্ষিণ এশিয়া তো বটেই, বৈশ্বিক বিবেচনাতেও এ হার তলানির দিকে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার রাজস্ব ব্যবস্থার সংস্কারকে অগ্রাধিকার দিয়েছে। রাজস্ব আহরণ বাড়ানো জরুরি। কারণ শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক খাতে গুণগত ও পরিমাণগত অগ্রগতি অর্জন করতে হলে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বাড়াতে হবে। সরকার জিডিপির অনুপাতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় ৫ শতাংশে উন্নীত করতে চায়।
সরকারের আরেকটি বড় চ্যালেঞ্জ ঋণের বোঝা উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, গত সরকারের এক দশকে ঋণের পরিমাণ ৩০০ শতাংশ বেড়েছে। ২০০৬-০৭ সাল থেকে হিসাব করলে তা বেড়েছে ৩২৩ শতাংশ। ২০২৬ সালের জুন নাগাদ সরকারি ঋণ ও সরকারি গ্যারান্টির বিপরীতে ঋণের পরিমাণ প্রায় ৯০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। আর সরকারি ঋণ, গ্যারান্টি ও বেসরকারি খাতের ঋণ মিলিয়ে মোট পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১১৪ বিলিয়ন ডলার।
তিনি বলেন, ঋণের সুদ-আসল পরিশোধে এরইমধ্যে ৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। কোনো কোনো হিসাব অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ এ ব্যয় বেড়ে ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। একদিকে নিম্ন রাজস্ব আহরণ, অন্যদিকে ঋণের বাড়তি চাপ—এই দুই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার পুনরুদ্ধার ও সংস্কার কর্মসূচি নিয়েছে।
রাজস্ব ব্যবস্থার সংস্কারে আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) বিভাগে তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে জানিয়ে তিতুমীর বলেন, এসব উদ্যোগের ফলে রাজস্ব প্রবৃদ্ধিতে অগ্রগতি দেখা যাচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৫ শতাংশ। টাস্কফোর্স গঠনের পর প্রবৃদ্ধি বেড়ে ১২ দশমিক ০৩ শতাংশ হয়েছে। গত অর্থবছরের শেষ দিকে কাস্টমস হাউসগুলোতে দেশের ইতিহাসে সর্বোচ্চ শুল্ক আদায়ের ঘটনাও ঘটেছে। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে, যার প্রভাব রাজস্ব আহরণেও পড়েছে। তবে সরকারের নেওয়া পদক্ষেপের কারণে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
রাজস্ব ঘাটতি ও অর্থনীতি পুনরুদ্ধার
জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায়ে প্রায় ৫০ হাজার কোটি টাকা ঘাটতির বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, উত্তরাধিকার সূত্রে সরকার এমন একটি অর্থনীতি পেয়েছে, যেটিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ব্যাংক খাত থেকে অর্থ লুটপাটের কারণে খাতটি পুনরুদ্ধারে প্রায় ৪০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে বলেও উল্লেখ করেন তিনি।
তিতুমীর বলেন, অর্থনীতিকে সচল করতে সরকার চারটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। এগুলো হলো বিনিয়োগ, সরকারি ব্যয়, ভোগব্যয় ও রপ্তানি আয় বৃদ্ধি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক প্যাকেজ ঘোষণা করেছে, যার এক-পঞ্চমাংশ ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।
দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়া মানুষকে সহায়তা করতে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য শুমারি ও যাচাই-বাছাই চলছে জানিয়ে তিনি বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং দরিদ্র মানুষের ভোগব্যয় বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। বিভিন্ন অর্থনৈতিক সূচকে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। চীন ও জাপানের বিনিয়োগ উদ্যোগও অর্থনীতিতে আস্থা ফেরার ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে সরকার ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছে।
রাজস্ব আদায়ের তথ্য প্রকাশ না করা এবং ভ্যাট আদায়ে ঋণাত্মক প্রবৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিতুমীর বলেন, রাজস্বের কোনো তথ্য গোপন করা হচ্ছে না। তথ্য প্রকাশের প্রক্রিয়া নিয়মিত করা হচ্ছে। এনবিআরের পরিসংখ্যান ব্যবস্থায় কিছু ঘাটতি রয়েছে। আইবাস++ থেকে প্রতিদিন তথ্য পাওয়া গেলেও সেখানে সমন্বয়ের কারণে কিছুটা সময় লাগে। পুরোনো ঘাটতি কাটিয়ে ডিসেম্বর থেকে নিয়মিতভাবে রাজস্ব আদায়ের তথ্য প্রকাশ করা হবে।
কর-জিডিপি অনুপাতের নতুন হিসাব প্রকাশ
জিডিপির হিসাব অতিরঞ্জিত হওয়ায় কর-জিডিপি অনুপাত কম দেখাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, জিডিপির হিসাব যাচাইয়ে বিশেষজ্ঞদের মাধ্যমে ফরেনসিক অডিট করা হয়েছে। এরপর বিভিন্ন মত ও পথের দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদদের নিয়ে পিয়ার রিভিউ করা হয়েছে।
আগামী ১৪ নভেম্বর এ প্রতিবেদন প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন, সেখানে কর-জিডিপি অনুপাতসহ সংশ্লিষ্ট তথ্য তুলে ধরা হবে। তথ্যের যথার্থতা নিশ্চিত করতে এ প্রক্রিয়ায় রাজনৈতিক বিবেচনার কোনো সুযোগ রাখা হয়নি।
জ্বালানি তেল বিক্রির পর্যায়ে নতুন করে আবগারি শুল্ক আরোপের পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে তিতুমীর বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। বর্তমানে বিষয়টি কারিগরি পর্যায়ে রয়েছে। এরপর স্টাফ রিপোর্ট তৈরি হবে এবং আইএমএফের মিশনের সঙ্গে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা হবে। সবশেষে তা সংস্থাটির বোর্ডে উপস্থাপন করা হবে।
ভ্যাট রিফান্ড ও অডিট কার্যক্রম
ব্যবসায়ীদের প্রায় ১৮ হাজার কোটি টাকার ভ্যাট রিফান্ড আটকে থাকার বিষয়ে প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। ভ্যাট ফেরত দেওয়ার প্রক্রিয়াসহ রাজস্ব ব্যবস্থার বিভিন্ন সংস্কার নিয়ে কাজ চলছে। আগে অডিটের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হতো না। এখন ঝুঁকিভিত্তিক অডিট পদ্ধতি চালু করা হয়েছে। ঝুঁকির বিভিন্ন নির্দেশকের ভিত্তিতে প্রতিষ্ঠান চিহ্নিত করে অডিট কার্যক্রম শুরু হয়েছে।
তবে ৬০০ প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করা হলেও ছয় মাসে ১০ শতাংশের কম অডিট সম্পন্ন হওয়ার বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করেন।
তিতুমীর বলেন, রাজস্বসংক্রান্ত মামলার নিষ্পত্তিতেও সরকার গুরুত্ব দিচ্ছে। বর্তমানে প্রায় ২৯ হাজার মামলা অনিষ্পন্ন রয়েছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তিতে সংশ্লিষ্ট উইংগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আদালতের সঙ্গে সমন্বয় করেও বিষয়টি এগিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এসব মামলায় বিপুল পরিমাণ রাজস্ব আটকে রয়েছে। মামলার জট কোথায় এবং কেন তৈরি হয়েছে, তা পর্যালোচনা করা হচ্ছে।
এনবিআর সংস্কার
এনবিআরের প্রশাসনিক সংস্কারের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনা করে রাজস্ব আহরণ ও রাজস্ব নীতি—এ দুটি পৃথক বিভাগ গঠনের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত এ সুপারিশ বাস্তবায়ন করা হবে।
কর কাঠামো সম্পর্কে তিনি বলেন, সরকারের নীতি হচ্ছে করের হার না বাড়িয়ে ন্যায্যতাভিত্তিক করব্যবস্থা গড়ে তোলা। উৎপাদনমুখী শিল্পকে সহায়তা এবং সাধারণ মানুষের ওপর করের চাপ কমানোর বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে কর কমানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মূল্য সংযোজন কর মূলত ভোগভিত্তিক কর। তাই রাজস্ব ব্যবস্থায় আয়করের প্রবৃদ্ধি তুলনামূলক বেশি বাড়ানো সরকারের লক্ষ্য, যাতে প্রগতিশীল করব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়। কর ছাড়, কর ফাঁকি, কর জালিয়াতি ও পৃষ্ঠপোষকতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে রাজস্ব আহরণ বাড়াতে চায় সরকার।



