বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারতের ঐকমত্য
বাংলাদেশ-ভারতের মধ্যে চলমান বাণিজ্য বাধা দূর করতে এবং পারস্পরিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে বন্দর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ওপর জোর দেয়া হয়েছে।
এ বিষয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানান, ১৬তম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশ-ভারতের বাণিজ্য সহজীকরণ ও নানা জটিলতা নিরসনে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
প্রেস উইং জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বন্দর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোরালো দাবি জানানোর পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু উত্থাপন করা হয়।
আলোচনার অন্যান্য বিষয়গুলোর মধ্যে ছিল- পণ্যের মানের সমরূপীকরণ, স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে বাণিজ্য সহজীকরণ, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নীতিতে থাকা প্রতিবন্ধকতা দূরীকরণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির নিয়ম সহজ করা।
অন্যদিকে, ভারতও নিজেদের বাণিজ্যিক স্বার্থ-সংশ্লিষ্ট বেশ কিছু প্রস্তাব ও সমস্যা তুলে ধরে। এর মধ্যে সুতা ও অন্যান্য পণ্যের ওপর বিদ্যমান বন্দর নিষেধাজ্ঞা, নির্দিষ্ট মানসংক্রান্ত বিভিন্ন জটিলতা এবং রেলওয়ে ও অভ্যন্তরীণ পরিবহন প্রটোকল সংক্রান্ত বিষয়গুলো বিশেষভাবে উত্থাপন করে ভারতীয় প্রতিনিধিদল।
উভয় দেশের আলোচনায় বাণিজ্য সম্প্রসারণের পথে থাকা এসব চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা নিয়ে খোলামেলা মতবিনিময় হয়। বৈঠকে দীর্ঘদিনের অমীমাংসিত বা জটিল বাণিজ্যিক বিষয়গুলো আর ঝুলিয়ে না রেখে, নিয়মিত ও গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ব্যাপারে একমত হয়েছে উভয় পক্ষ।



