সৌর যন্ত্রাংশে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করতে এনবিআরের নির্দেশ
সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় সরঞ্জাম আমদানিতে সরকার ঘোষিত শুল্ক-কর সুবিধা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কাস্টমস হাউস ও এলসি স্টেশনগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (১৭ আগস্ট) জারি করা পরিপত্রে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় পণ্য আমদানিতে শুল্ক-কর ছাড় দেওয়া হলেও বিভিন্ন কাস্টমস হাউস ও এলসি স্টেশনে পণ্য খালাসে জটিলতা ও দীর্ঘসূত্রিতা হচ্ছে। এসব জটিলতা দূর করতেই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
এনবিআর জানিয়েছে, সৌর প্যানেল ও ইনভার্টারের ক্ষেত্রে এইচএস কোডে পার্থক্য থাকলেও নির্ধারিত শর্ত পূরণ হলে আমদানিকারকরা ঘোষিত শুল্ক-কর সুবিধা পাবেন। শুধু এইচএস কোডের পার্থক্যের কারণে কোনো আমদানিকারককে সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।
সৌর প্ল্যান্ট স্থাপনের প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রেও শর্তসাপেক্ষে ১ শতাংশ কাস্টমস ডিউটিতে পণ্য খালাসের সুবিধা দেওয়া হবে। তবে বাণিজ্যিক আমদানিকারকদের ক্ষেত্রে ১ শতাংশ কাস্টমস ডিউটির পাশাপাশি ৭ দশমিক ৫ শতাংশ আগাম কর ও ৫ শতাংশ অগ্রিম আয়কর প্রযোজ্য হবে। পরবর্তী সময়ে এসব কর সমন্বয় করা যাবে।
বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতির (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, নতুন নির্দেশনায় কাস্টমসের জটিলতা কিছুটা কমবে এবং পণ্য দ্রুত খালাসের সুযোগ তৈরি হবে। তবে সৌর খাতের বৃহত্তর স্বার্থে সব সেক্টরের জন্য শুল্ক-কর সুবিধা আরও সহজীকরণ করা প্রয়োজন।
এনবিআর সংশ্লিষ্ট আমদানিকারকদের পণ্য খালাসে অযথা জটিলতা বা দীর্ঘসূত্রিতা না করার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।



