down of head

বিনিয়োগের খোঁজে ঢাকায় ভারতের ১৪ শিল্পগোষ্ঠী

বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ খুঁজতে ভারতের ১৪টি বৃহৎ শিল্পগোষ্ঠীর একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল সোমবার বিকেলে দুই দিনের সফরে ঢাকায় আসছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত থেকে বাংলাদেশে আসা এটিই প্রথম কোনো বড় ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রতিনিধিদলের সদস্যরা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠক এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

বুধবার সকালে ঢাকা ছাড়ার আগে মঙ্গলবার ভারতীয় প্রতিনিধিদলের সদস্যদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

দুই দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের এই সফর হচ্ছে। সমুদ্র ও স্থলবন্দর ব্যবহারে ভারতের বিভিন্ন বিধিনিষেধের কারণে দ্বিপাক্ষিক বাণিজ্য বিঘ্নিত হচ্ছে। ভারতের বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে বাংলাদেশও স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে।

এর মধ্যে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত জমিতে চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপনে চুক্তি করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

ব্যবসায়ীরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে শুরু হওয়া দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন বিএনপি সরকারের সময়ে কমাতে উভয় পক্ষ নানা উদ্যোগ নিলেও এখনো পরিস্থিতির পুরোপুরি উন্নতি হয়নি। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াদিল্লি যাবেন কি না, তা নিয়েও সংশয় রয়েছে।

বাংলাদেশ যখন বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে, তখন ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১২ বিলিয়ন ডলার। এর মধ্যে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানির পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার।

ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি।

১৮ সদস্যের এই প্রতিনিধিদলে রয়েছেন গোদরেজ ইন্ডাস্ট্রিজের গ্রুপ প্রেসিডেন্ট রাকেশ স্বামী, ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সুচিত্রা কে এল্লা, দ্য ইনফ্রাভিশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা ট্রাস্টি বিনায়ক চ্যাটার্জি, অরবিন্দ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পরম শাহ, এলএমডব্লিউ গ্লোবালের প্রধান পরিচালন কর্মকর্তা পি জে রাজেশ, মাহিন্দ্রা গ্রুপের আঞ্চলিক প্রধান রাজেশ গুপ্ত, গোদরেজ কনজ্যুমার প্রোডাক্টসের দক্ষিণ এশিয়া প্রধান কৃষ্ণা খাটোওয়ানি, ফোর্বস মার্শালের গ্রুপ হেড (ইন্টারন্যাশনাল অপারেশনস) দীপক শর্মা এবং অ্যাপোলো হসপিটালসের গ্রুপ হেড (ইন্টারন্যাশনাল অপারেশনস) এম এস গুরু প্রসাদসহ আরও কয়েকজন।

সম্পর্কিত খবর