down of head

পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ নেটিজেনরা

চিত্রনায়িকা পূর্ণিমার নতুন ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে প্রশংসার ঝড়। বেগুনি রঙের সিল্ক শাড়িতে অভিনেত্রীর স্নিগ্ধ ও মার্জিত লুক নজর কেড়েছে ভক্তদের।

রোববার মধ্যরাতে নিজের ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন পূর্ণিমা। ছবিতে রাজকীয় বেগুনি রঙের শাড়িতে দেখা যায় তাকে। শাড়ির পাড় ও আঁচলে সোনালি ও রঙিন সুতোর নকশার পাশাপাশি ছিল ছোট ছোট সোনালি বুটি।

আয়নার সামনে দাঁড়িয়ে লাজুক হাসি, কাঁধে ছেড়ে দেওয়া কোঁকড়ানো চুল ও হালকা মেকআপে পূর্ণিমার সাজে ফুটে উঠেছে আভিজাত্য। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বেগুনি আমার প্রিয় রঙ, তবে শাড়িতে জড়িয়ে নিলে এটি আরও সুন্দর, মার্জিত ও চিরন্তন মনে হয়।’

ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের নানা মন্তব্যে সরব হয়ে ওঠে কমেন্টস বক্স। এক ভক্ত মজা করে লিখেছেন, ‘আমার বাবার ক্রাশ ছিলেন, এখন উনি আমার ক্রাশ!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘পূর্ণিমা কখনো বুড়ি হবে না, বুড়া হবো আমরা।’

অনেকে আবার লিখেছেন, বয়স মানুষের কাছে কেবলই একটি সংখ্যা। পূর্ণিমার নতুন ছবিতে তারুণ্যের ঝলক দেখে কেউ কেউ মন্তব্য করেছেন, ‘আমি বুড়া হয়ে গেলাম আর উনি এখনো সেই ২২ বছরের যুবতী!’

সম্পর্কিত খবর