শুক্রবার শুরু বাউবি’র এইচএসসি পরীক্ষা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রোগ্রামের ২০২৬ সালের পরীক্ষা শুক্রবার (২৪ জুলাই) থেকে শুরু হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত ২১৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. খালেকুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে এবার মোট ৪৭ হাজার ৪১ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ২৭ হাজার ৭৯৬ জন পুরুষ এবং ১৯ হাজার ২৪৫ জন নারী পরীক্ষার্থী রয়েছেন।
পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রতিটি কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি বাউবি’র বিশেষ ভিজিল্যান্স টিমও বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করবে।


