অঙ্গীকার বন্ধু সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ অনুমোদন
চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অন্যতম অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা”র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ (২০২৬-২০২৮) অনুমোদন দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় এ সংগঠনের নতুন কমিটি গঠনকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সংগঠনের গঠনতন্ত্রের স্বতন্ত্র বিধি-০৪ এর অনুচ্ছেদ (ঘ) ও উপ-অনুচ্ছেদ (ঘ/১) অনুযায়ী ১৭ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে তরুণ সংগঠক ওয়ালীউল্যাহ সরকার তৌহিদকে সভাপতি, শামীম আহম্মেদকে সাধারণ সম্পাদক এবং মোঃ সৈকত তালুকদারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার অনুষ্ঠিত স্থায়ী পরিষদের ২১৭তম বোর্ড সভায় এ কমিটি অনুমোদন করা হয়। সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্থায়ী পরিষদের সদস্য সচিব আল আমিন মিয়াজীর প্রস্তাবনা উপস্থাপন করেন এবং প্রতিষ্ঠাতা ও স্থায়ী পরিষদের আহ্বায়ক মোঃ আনিছুর রহমান সভাপতিত্ব করেন। পরে বোর্ড সভার সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী পরিষদ অনুমোদিত হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মোঃ সুমন পাটোয়ারী ও মোঃ পারভেজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পারভেজ তালুকদার ও মোঃ তৌকির আহম্মেদ পাটোয়ারী, কোষাধ্যক্ষ মাহিনুর ইসলাম বৃষ্টি, দপ্তর সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আল আমিন প্রধান, শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মোঃ নাজমুল রাসেল, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মাজেদা আক্তার নুসরাত এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ আনিছুর রহমান, আল আমিন মিয়াজী, এ এস পলাশ, মোঃ আরিফুল ইসলাম ও মোঃ নাসির উদ্দীন।
স্থায়ী পরিষদের সদস্যরা বলেন, অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে শিক্ষাবৃত্তি প্রদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান কর্মসূচি, শিক্ষা উপকরণ বিতরণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ সময় স্থায়ী পরিষদের নেতৃবৃন্দ নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, উপদেষ্টা পরিষদ ও এলিট পরিষদের দিকনির্দেশনায় উপজেলা শাখা কমিটির সঙ্গে সমন্বয় করে সংগঠনের পরিচিতি সভা আয়োজন, বার্ষিক কার্যসূচি (ক্যালেন্ডার) প্রণয়ন, বাজেট উপস্থাপন এবং নিয়মিত সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা হবে।
নবনির্বাচিত সভাপতি ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ বলেন, “অঙ্গীকার বন্ধু সংগঠন শুধু একটি সংগঠন নয়, এটি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার একটি প্ল্যাটফর্ম। সকলকে সঙ্গে নিয়ে আমরা সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে চাই।”
সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বলেন, “তরুণদের সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত করতে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হবে। শিক্ষা, মানবসেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমকে প্রাধান্য দিয়ে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।”


