বেগমগঞ্জে দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
আজ(৬আগষ্ট) ভোরে মাইক্রোবাসটি চন্দ্রগঞ্জ জগদিশপুর এলাকায় পৌঁছালে চালক যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মাইক্রোবাসটি সড়কের পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এবং পরে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে সাতজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম চওপল্লী এলাকার ওমান প্রবাসী বাহার উদ্দিনের মা মোরশিদা বেগম (৫৫), তার স্ত্রী কবিতা (২৪), মেয়ে মিম আক্তার (২), ভাবি লাবনী আক্তার (৩০), নানী ফয়জুন্নেসা (৮০), ভাতিজি রেশমী আক্তার (৮) এবং লামিয়া (৯)। আহতদের মধ্যে রয়েছেন বাহার উদ্দিন ও মাইক্রোবাস চালকসহ পাঁচজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের পশ্চিম চওপল্লি গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন প্রবাস থেকে দেশে ফেরায় মঙ্গলবার বিকালে বিমান বন্দরে যায় তার পরিবারের লোকজন। রাতে স্বজনদের নিয়ে বিমান বন্দর থেকে একটি মাইক্রোবাসযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, লাশ তাদের পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


