স্টেডিয়ামে ধূমপান করে তুমুল বিতর্কের মুখে শাহরুখ
শুক্রবার রাতে কলকাতার ইডেন গার্ডেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে (আইপিএল) মুখোমুখি হয়েছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।
হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের চলতি মৌসুমের প্রথম জয় পান শ্রেয়াস আইয়াররা। দলের প্রথম জয়ের সাক্ষী ছিলেন শাহরুখ খান।
শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স জেতার পর স্টেডিয়ামে শাহরুখকে দেখেই উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকেরা। সুপারস্টারও ভক্তদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে দেন। তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইডেনের ভিভিআইপি গ্যালারিতে বসে শাহরুখের ধুমপান করার একটি ভিডিও ছড়িয়ে পড়ায় তাকে নিয়ে চলছে প্রবল সমালোচনা।
জানা গেছে, ভিডিওটি ইডেনের ভিভিআইপি গ্যালারির এবং ম্যাচ চলাকালীন টেলিভিশনের ক্যামেরায় ধারণকৃত। ভিডিওটি দেখে অনেকে বলছেন, শাহরুখের যে ধূমপানের অভ্যাস রয়েছে, তা অনেকেই জানেন। কিন্তু তাই বলে স্টেডিয়ামের ভেতরে কেন? গ্যালারিতে বসে? এমন প্রশ্ন তুলেছেন অনেকেই।
আইপিএলে বিতর্কের সঙ্গে শাহরুখের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এর আগেও আইপিএলের ম্যাচ চলাকালীন ২০১২ সালে স্টেডিয়ামে ধূমপান করার সময় লেন্সবন্দি হয়েছিলেন শাহরুখ। জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে সিগারেট টানতে দেখা গিয়েছিল তাকে।
এই বিষয়ে জয়পুরের স্থানীয় আদালতে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। এ ছাড়া মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্রাউন্ড স্টাফদের সঙ্গে খারাপ ব্যাবহার কারণে অনেক বছর তার স্টেডিয়ামে আসা নিষিদ্ধ ছিল।



