অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সমাধান
কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে উঠে আসে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর নামে চুক্তি ভঙ্গ, অর্থ আত্মসাৎ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই অভিনেতার বিরুদ্ধে এ অভিযোগ জানায় টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব) এবং অভিনয় শিল্পী সংঘ বরাবর। বিষয়টি আলোচনায় উঠে আসার পর এবার এই বিবাদের অবসান হলো।
টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘের হস্তক্ষেপে এ সমস্যার সমাধান হয়েছে। শনিবার দীর্ঘক্ষণ আলোচনার পর মধ্যরাতে সমাধান হয়। এরপর অভিযোগ তোলা প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার শাহরিয়ার শাকিল ও অভিনেতা অপূর্ব হাসিমুখে একসঙ্গে ছবিও তোলেন।
এ ব্যাপারে টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘ এক যৌথ বিজ্ঞপ্তিতে জানায়, টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘের এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে জিয়াউল ফারুক অপূর্ব এবং প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওসের মধ্যকার সংঘটিত কাজের চুক্তিবিষয়ক যে জটিলতা তৈরি হয়েছিল, তাতে উভয় পক্ষই টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘের কাছে অভিযোগ জানায়। সেই প্রেক্ষিতে ১৬ মার্চ ২০২৪ তারিখে দুই পক্ষের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সবার কাছে প্রতীয়মান হয়েছে, চুক্তি মোতাবেক উভয় পক্ষই পরিপূর্ণভাবে কার্য সম্পাদন করেনি। চুক্তি অনুযায়ী অপূর্ব ৯টি নাটকে অভিনয় করেছেন এবং বাকি নাটকগুলো উভয় পক্ষই আর না করার বিষয়ে একমত হয়েছে। সেক্ষেত্রে অপূর্বকে প্রদান করা বাকি যে নাটক বাবদ অগ্রিম অর্থ, তা উভয় পক্ষ সমন্বয় করে নেবে।
এছাড়াও বলা হয়েছে, উদ্ভূত ঘটনা কোনোভাবেই অর্থ আত্মসাৎ নয়, এটা চুক্তিবিষয়ক জটিলতা। পুরো বিষয়টি পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়হীনতার কারণে ঘটেছে।


