আত্মহত্যার ফেরিওয়ালাকে খোঁজে পেলো বিবিসি
আত্মহত্যার ফেরিওয়ালা, যিনি বিষ বিক্রি করে যুক্তরাজ্যের অন্তত ১৩০টি আত্মহত্যার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তিনি ইউক্রেনের বাসিন্দা লিওনিড জাকুটেনকো। শব্দটি অদ্ভুৎ শোনালেও এমনই একজন বিষের ফেরিওয়ালার কথা উঠে এসেছে বিবিসি’র অনুসন্ধানী প্রতিবেদনে। যুক্তরাজ্যের অন্তত ১৩০টি আত্মহত্যার সঙ্গে সম্পৃক্ত একটি বিষ বিক্রি করে আসছিলেন তিনি। আত্মহত্যাকে উৎসাহিত করে একটি ওয়েবসাইটে তিনি তার পরিষেবার প্রচারণা চালিয়ে আসছিলেন।
ঘটনা ২০২০ সালের সেপ্টেম্বরের। আত্মহত্যার জন্য বিষ কেনা-বেচার বিষয়টি প্রথম নজরে আসে বৃটিশ কর্তৃপক্ষের। সে সময় আত্মহত্যা করা জো নিহিল নামে ২৩ বছর বয়সী এক যুবকের ময়নাতদন্তের পর ওই বিষ সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন এক শব পরীক্ষক।
এরপরেই ঘটনা অনুসন্ধানে নামে বিবিসি। দেখা গেছে, একই বিষ ২০২০ সালের নভেম্বর থেকে সরবরাহ করে আসছিলেন ইউক্রেনের নাগরিক লিওনিড জাকুটেনকো। তিনি যে বিষ সরবরাহ করেছেন, সেই বিষ সম্পর্কে আত্মহত্যার এক ফোরামে খোলাখুলিভাবেই আলোচনা হয়। সদস্যরা একে অপরকে পরামর্শ দেন কীভাবে এটি কিনতে হবে, এমনকি কীভাবে এটি ব্যবহার করে মৃত্যু নিশ্চিত করা যাবে।
আত্মহত্যা ফোরামের ওয়েবসাইটের সূত্র ধরে বিষ সরবরাহকারী এই লিওনিডকের খোঁজ শুরু করে বিবিসি। কিন্তু এরই মধ্যে শুরু হয় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। অনেক দূর এগিয়েও যুদ্ধের কারণে এই অনুসন্ধান থেকে পিছিয়ে আসতে হয়।
অবশেষে ইউক্রেনের রাজধানী কিয়েভের ছোট একটি ফ্ল্যাটে তার নাগাল পাওয়া যায়। কাছাকাছি একটি পোস্ট অফিস থেকে লিওনিড তার পার্সেলগুলো পাঠাতেন। সেই পোস্ট অফিসের সামনেই লিওনিডকে যখন প্রশ্ন করা হয়, নিজের জীবন শেষ করতে চাওয়া মানুষদের কাছে তিনি কেন তাঁর বিষ সরবরাহ করছেন? তবে জবাবে লিওনিড বলেন, ‘এটা মিথ্যা কথা।’ তারপরই তিনি ক্যামেরার মুখে হাত রেখে নিজেকে আড়াল করার চেষ্টা করেন এবং ঘটনাস্থল থেকে চলে যেতে চান। বিবিসি লিওনিডের বিষয়ে নিশ্চিত ছিল। কারণ, ছদ্ম পরিচয়ে এই সংবাদ সংস্থাটিই একটি পার্সেল অর্ডার করেছিল। লিওনিড সেই পার্সেল জমা দিয়ে পোস্ট অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরপরই তার মুখোমুখি হয় বিবিসি।
লিওনিড ইউক্রেন থেকে যে রাসায়নিকটি পার্সেল করতেন সেই একই বিষ যুক্তরাজ্যেও বৈধ উপায়ে বিক্রি হয়। তবে এটি বিক্রি করা হয় সেসব কোম্পানির কাছে, যারা এটিকে বৈধ উদ্দেশ্যে ব্যবহার করে। এটা প্রমাণিত যে কথিত সেই বিষ যদি খুব অল্প পরিমাণেও মানুষের শিরায় ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়, তবে তার পরিণতি হয় মারাত্মক।



