ডিবি পরিচয়ে টাকা নিতে এসে ধরা
রংপুরের তারাগঞ্জে ধর্ষণের আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে ৫ লাখ টাকা ঘুস নিতে এসে মোস্তাফিজার রহমান (৩৩) নামের এক ভুয়া ডিবি পুলিশকে আটক করে থানায় সোপর্দ করেছেন এলাকাবাসী। এ ঘটনায় গত সোমবার রাতে প্রতারণার শিকার শামীমা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন।
মঙ্গলবার ডিবি পরিচয়দানকারী প্রতারক মোস্তাফিজারকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর বড়বাড়ি গ্রামের আনোয়ার হোসেন সম্প্রতি ধর্ষণের অভিযোগে জেলহাজতে গেছেন। সেখানে রংপুরের হাজীরহাট শুকানচৌকি এলাকার জাহাঙ্গীর রহমানের ছেলে মোস্তাফিজার রহমানের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের সময় আনোয়ার হোসেন তার জেলে আসার সব ঘটনা খুলে বলেন। কুরবানি ঈদের আগে মোস্তফিজার জেল থেকে ছাড়া পেয়ে আনোয়ারের বাড়িতে এসে আনোয়ারের পরিবারসহ তার স্ত্রীকে তিনি ডিবি পুলিশের পরিচয় দেন। পরে আনোয়ার হোসেনকে ধর্ষণের মামলা থেকে খালাস করতে হলে ৫ লাখ টাকা দিতে হবে বলে জানিয়ে চলে যায়।
পরে মোস্তাফিজার কয়েকবার আনোয়ারের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে পরামর্শ করেন। স্বামীকে ধর্ষণের মামলা থেকে মুক্তি দিতে আনোয়ারের স্ত্রী জমি-জমা বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করেন। গত সোমবার সেই টাকা নিতে ভুয়া ডিবি পুলিশ মোস্তাফিজার আনোয়ারের গ্রামের বাড়িতে আসেন। এত টাকার লেনদেন এজন্য আনোয়ারের স্ত্রী শামীমা বেগম তার দুই ভাই আল মামুন ও শাহিনুর মিয়াকে ওই দিন বাড়িতে ডাকেন।
ধর্ষণের মামলা থেকে কীভাবে তাদের বোনজামাই আনোয়ার মামলা থেকে অব্যহতি পাবেন- তারা এমন প্রশ্ন করলে কথার সঠিক উত্তর না পাওয়ায় তাদের সন্দেহ হলে এলাকার লোকজন মোস্তাফিজারকে মারধর করেন। এরপর স্থানীয় হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদে নিয়ে যান। এ সময় ইউপি চেয়ারম্যান কুমারেশ রায় বাইরে থাকায় থানায় অবগত করেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ বিকালে অভিযুক্ত মোস্তাফিজারকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে মোস্তাফিজার রহমান নিজেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করে।
এ ঘটনায় আনোয়ারের স্ত্রী বাদী হয়ে প্রতারণার অভিযোগ এনে মোস্তাফিজারকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
তারাগঞ্জ থানার ওসি সুশান্ত সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভুয়া ডিবি পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে থানায় মামলা হয়েছে। প্রতারককে জেলহাজতে পাঠানো হয়েছে।


