ইউনিয়ন ব্যাংকের নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইউনিয়ন ব্যাংক লিমিটেডের নবম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এমডি ও সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরী। এ সময় এএমডি মো. হাবিবুর রহমানসহ ব্যাংকের পরিচালক, শেয়ারহোল্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ২০২১ সালের আর্থিক বিবরণীসহ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।
স্বাগত বক্তব্যে এমডি ও সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরী বলেন, গত দুই বছর মহামারীর কারণে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতাসহ নানা প্রতিকূলতা সত্ত্বেও ২০২১ সালে ইউনিয়ন ব্যাংক সবকটি আর্থিক সূচকে ভালো করেছে। যথাযথ ব্যবস্থাপনা ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদানের ফলে আমরা সাফল্যের ধারা অব্যাহত রাখতে পেরেছি। গত বছর ইউনিয়ন ব্যাংকের মোট সম্পদ ১৫ দশমিক ৪২ শতাংশ বেড়েছে। ২০২১ সাল শেষে আমাদের ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ছিল ২১ হাজার ৩ কোটি টাকা, যা চলতি বছরের ৩০ জুন ২৪ হাজার ৯৪৪ কোটি টাকায় উন্নীত হয়েছে।
তিনি বলেন, ২০২১ সালে ব্যাংকের রেটিং দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’, যা ইউনিয়ন ব্যাংকের শক্তিশালী আর্থিক ভিত্তি, উত্তম তারল্য অবস্থা ও কাঠামোগত স্থিতিশীলতার নির্দেশক।
সভাপতির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম বলেন, সবার সহযোগিতায় ২০২১ সমাপ্ত বছরে কর-পরবর্তী মুনাফার ওপর ভিত্তি করে ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ট সুপারিশ করেছে।



