বাংলাদেশ ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্সের মধ্যে চুক্তি স্বাক্ষর
করোনা-পরবর্তী সময়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘সাপোর্টিং পোস্ট কভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্টে (এসপিসিএসএসইসিপি)’ অংশ নিতে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক নুরুন নাহার ও লংকাবাংলা ফাইন্যান্সের এমডি ও সিইও খাজা শাহরিয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের, এসএমই এবং স্পেশাল প্রোগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মো. জাকের হোসেন ও নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক; উপমহাব্যবস্থাপক ও উপপ্রকল্প পরিচালক রোজিনা মুস্তাফি ও মো. আকরাম হোসেন; এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রধান আর্থিক খাত বিশেষজ্ঞ ডং ডং ঝ্যাং; লংকাবাংলা ফাইন্যান্সের এসএমই বিভাগের প্রধান কামরুজ্জামান খান ও এসএমই-রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড এমআইএসের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান প্রমুখ। চুক্তি অনুযায়ী লংকাবাংলা ফাইন্যান্স দেশের বিভিন্ন জায়গায় মাত্র ৫ দশমিক ৫ শতাংশ হারে নারী উদ্যোক্তা, প্রবাসফেরত উদ্যোক্তা, সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাসহ দেশের কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি ঋণ সুবিধা পুনঃঅর্থায়নের ভিত্তিতে বিতরণ করতে পারবে।



