উদ্যোক্তা তৈরিতে সহায়তাকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে ‘নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়তাকরণ’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি হিসেবে ওই কর্মশালার উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্কের প্রকল্প পরিচালক আবুল ফাতাহ মো. বালিগুর রহমান। এ সময় ইকোনমিক রিসার্চ গ্রুপের প্রতিনিধি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজিত কর্মশালায় চট্টগ্রাম শহর ও চুয়েটের বিভিন্ন স্টার্টআপ কোম্পানির প্রায় ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, দিনটি চুয়েট পরিবারের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে নির্মিত প্রথম শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের কার্যক্রম শুরু হয়েছে। আমরা আশা করব আজকের প্রশিক্ষণ থেকে তরুণ উদ্যোক্তারা নতুন-নতুন ইনোভেশন ও স্টার্টআপের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে দেশকে বিশ্ব দরবারের অনন্য মাত্রায় নিয়ে যাবে।



