১০টি গবেষণা প্রকল্পকে অনুদানের জন্য নির্বাচন করল বুয়েট
প্রতিযোগিতামূলক বাছাইয়ের মাধ্যমে ১০টি যুগোপযোগী গবেষণা প্রকল্পকে অর্থায়ন করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) তত্ত্বাবধানে প্রথমবারের মতো রিসার্চ পোর্টালের মাধ্যমে গবেষণা প্রস্তাবনা আহ্বান করা হয়। এতে ৪৫টি প্রস্তাবনা জমা পড়ে। যার মধ্য থেকে প্রাথমিকভাবে ৩৭টি বাছাই করা হয়। এরপর দেশ ও বিদেশের মোট ১১১ জন পর্যালোচকের মতামতের ভিত্তিতে ৩৭টি গবেষণা প্রকল্প থেকে ১০টিকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। সম্প্রতি গবেষণা প্রকল্পকের অনুদান দেয়ার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুয়েটের উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান (সচিব) সত্যজিৎ কর্মকার ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এএসএফ রহমান। সম্মানিত অতিথি ছিলেন বুয়েটের উপউপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাইজের পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার।



