ফের ক্যামেরার সামনে শুভ্রদেব, আসছে নতুন ভিডিও
নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক শুভ্রদেব। বাংলাদেশের হাতে গোনা যে দুই-একজন গায়ক ভারতীয় সংগীত প্রতিষ্ঠান এমটিভি’র তৈরি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন। তাদের মধ্যে তিনি প্রথমদিকের একজন।
এই গায়ক আবার সেই এমটিভির কথা মনে করিয়ে দিলেন। জানালেন, চার বছর পর নতুন গানচিত্র আনছেন।এর কাজ হয়েছে এমটিভির মতো বিশাল পরিসরে।
গানের নাম ‘গার্লফ্রেন্ড’। কথা, সুর ও সংগীত সবই করেছেন নিজেই।
‘গার্লফ্রেন্ড’ নামের বিষয়ে শুভ্রদেব বলেন, ‘প্রায় বছর খানেক ধরে এই গানটি তৈরি করেছি। অর্ধেক কাজ করেছি আমেরিকায়। বাকিটুকু হয়েছে বাংলাদেশে। একটা বিষয় অনেকদিন ধরে ভেবে দেখলাম, “গার্লফ্রেন্ড” নামে কোনো গান নেই। আমি কয়েকজন গীতিকবির সঙ্গেও কথা বলেছি। এরপর এটি নিয়ে কাজ শেষ করলাম।’
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশে একটি নয়নাভিরাম রিসোর্ট-রেস্তোরাঁতে এর দৃশ্যধারণ করা হয়েছে।
শুভ্রদেব বলেন, ‘আমার জীবনে সবচেয়ে কঠিন শুটিং এটি। আমি জানি “গার্লফ্রেন্ড” নিয়ে অনেক কথা হবে। কিন্তু আমি পেশাদার গায়ক তাই এত পরিশ্রম করেছি। আমার পরিচালক নিডো খান আমাকে এমটিভি মুম্বাইয়ের কথা মনে করিয়ে দিলেন। তার কাজ অসাধারণ।’
জানা যায়, ভিডিওটিতে শুভ্রর সঙ্গে দেখা যাবে ইশরাত তিথিকে। এতে আরও ৩০ সহশিল্পী অংশ নিয়েছেন। অনুপম মিউজিকের ব্যানারে গানটি রোজার ঈদের আগেই ইউটিউবে অবমুক্ত হবে।



