দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরবরাহ চেইন ঠিক রাখা জরুরি
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরবরাহ চেইন ঠিক রাখা জরুরি বলে জানিয়েছেন দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, রমজান থেকে শুরু করে আগামী ঈদুল আজহা পর্যন্ত যাতে পণ্যের কোনো কৃত্রিম সংকট সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে পণ্য পরিবহনের পথে যাতে কোনো রকম বিঘ্ন সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রাখা দরকার। গতকাল সকালে চট্টগ্রাম মহানগরের কাজির দেউড়ী কাঁচাবাজার ও রিয়াজউদ্দিন বাজার মনিটরিংকালে এসব কথা বলেন তিনি।
বাজার পরিদর্শনকালে চেম্বার সভাপতি বলেন, আমরা সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য সব পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করে থাকি। পাইকারি ও খুচরা বিক্রির মধ্যে খুব বেশি পার্থক্য যাতে না থাকে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বাজারে মনিটরিংকালে চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ ও তানভীর মোস্তফা চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. দিদার হোসেন, কাজির দেউড়ী কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল জলিল ও রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি সালামত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।



