‘বেশি দামে তেল-ডাল-চিনি বিক্রি করলে কঠোর ব্যবস্থা’
অনেক অসৎ ব্যবসায়ী সুযোগ পেলেই পণ্যের দাম বাড়িয়ে দেয়। তাই এখন থেকে ট্যারিফ কমিশন নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ভোজ্য তেল, ডাল ও চিনি বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছি। এসব পণ্য বিদেশ থেকে আমদানির পর ট্যারিফ কমিশন বসে দাম নির্ধারণ করে দেয়। তারপরও কিছু অসৎ ব্যবসায়ী অধিক মুনাফার আশায় দাম বাড়িয়ে দেয়। এজন্য জেলায় জেলায় দাম মনিটরিংয়ের জন্য ডিসিদের দায়িত্ব দেয়া হয়েছে। তারা অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।


