জেনেক্স ইনফোসিসের স্টক লভ্যাংশে বিএসইসির অনুমোদন
সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের জন্য জেনেক্স ইনফোসিস লিমিটেড ঘোষিত স্টক লভ্যাংশে অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটির পক্ষ থেকে কোম্পানিটিকে এক চিঠির মাধ্যমে অনুমোদনের বিষয়টি জানানো হয়। এ স্টক লভ্যাংশ নির্ধারণের জন্য রেকর্ড ডেট ধরা হয় ১৭ ফেব্রুয়ারি।
পরে মূল্যসংবেদনশীল তথ্যের (পিএসআই) মাধ্যমে এটি জানায় তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানিটি।
এর আগে গত বছরের ২৮ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা থেকে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য এ ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়। পরে ওই বছরের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত এজিএম ঘোষিত এ লভ্যাংশে অনুমোদন দেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। তবে স্টক লভ্যাংশ চূড়ান্ত করার আগে বিএসইসির অনুমোদনের প্রয়োজন হয়। এজন্য নিয়ন্ত্রক সংস্থাটির কাছে আবেদন করে কোম্পানিটি।



