গুলশান-ধানমন্ডির দখল হওয়া সরকারি জমি উদ্ধারের সুপারিশ
ধানমন্ডি ও গুলশান এলাকার অবৈধভাবে দখল হয়ে থাকা সরকারি জমি উদ্ধারের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। উদ্ধার করা জমিতে বহুতল ভবন নির্মাণ করতেও বলা হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে বৈঠকে কমিটি সদস্য ও প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নারায়ণ চন্দ্র চন্দ, বজলুল হক হারুন ও মো. মনোয়ার হোসেন চৌধুরী অংশ নেন।
বৈঠক শেষে কমিটির সদস্য মনোয়ার হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, অবৈধ দখলে থাকা সরকারি জমি উদ্ধার করে সেখানে বহুতল ভবন করার সুপারিশ করা হয়েছে।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন নিশ্চিতে বহুতল ভবন করার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি। এছাড়া কমিটি চট্রগ্রামে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে ও খালে আবর্জনা ফেলা বন্ধে পদক্ষেপ নেয়ার জন্যও সুপারিশ করা হয়।


