down of head

কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের পাঁচ দিন পর এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আগুনমুখা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া ওই কিশোরের নাম মো. নিয়াজ (১৭)। সে গলাচিপা উপজেলার সতিরাম গ্রামের জলিল হাওলাদারের ছেলে। নিয়াজ পেশায় একজন জেলে ছিলেন।

জানা গেছে, ৩ জানুয়ারি বিকাল ৫টায় নিয়াজসহ তিনজন গলাচিপা উপজেলার পানপট্টি থেকে ট্রলার নিয়ে মাছ ধরার জন্য রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের গরুভাঙ্গা এলাকার আগুনমুখা নদীতে যান। কিন্তু ওই রাত ১১টার পর ট্রলারে অন্যরা থাকলেও নিয়াজ নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, এ ঘটনার পরদিন ৪ জানুয়ারি ছেলে নিখোঁজের বিষয়ে নিয়াজের বাবা জলিল হাওলাদার রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয়রা জানান, নিখোঁজের পাঁচদিন পর শনিবার সকালে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের বিবির হাওলা এনআই সিনিয়র ফাজিল মাদ্রাসার পূর্বপাশের স্লুইস গেট সংলগ্ন আগুনমুখা নদীর পাড়ে নিয়াজের অর্ধগলিত লাশ দেখতে পান স্থানীয় কয়েকজন। এমন খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. আব্দুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোস্টগার্ড আউটপোস্ট রাঙ্গাবালীর উদ্ধারকারী দল লাশটি উদ্ধার করে রাঙ্গাবালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পর্কিত খবর