এফবিসিসিআই ও ফ্রান্স-বাংলাদেশ চেম্বারের মধ্যে এমওইউ
দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে এফবিসিসিআই এবং ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার।ফ্রান্সের প্যারিসে ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার আয়োজিত বৈঠকে এ স্মারকে সই করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দুই সংগঠনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক কার্যকর ভূমিকা রাখবে এবং পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নেবে। তিনি জানান, চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে তথ্যপ্রযুক্তির সম্ভাবনা কাজে লাগিয়ে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশের উদ্যোক্তারা এরই মধ্যে পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে কারখানা স্থাপন ও পণ্য উৎপাদন করছেন। বিশ্বের সেরা ১০টি গ্রিন পোশাক কারখানার প্রথম সাতটিই বাংলাদেশের।
বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকারের ঘোষিত নানা প্রণোদনার কথা উল্লেখ করে বাংলাদেশকে তাদের পরবর্তী বিনিয়োগ গন্তব্য হিসেবে বিবেচনা করতে ফরাসি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। একইসঙ্গে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরও দেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান। তিনি বলেন, বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সংস্থা হিসেবে এফবিসিসিআই বাংলাদেশে ব্যবসায়িক স্বার্থের সুবিধার্থে সর্বদা উম্মুক্ত।
এ সময় দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত নেটওয়ার্কিংয়ের ওপর জোর দেন এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এম এ মোমেন।
বৈঠকে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তী মো. সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. আমিনুল হক শামীম ও সাবেক সহসভাপতি মো. হেলাল উদ্দিন। এফবিসিসিআইয়ের পরিচালক শমী কায়সার, খান আহমেদ শুভ, ডা. ফেরদৌসী বেগম, এফবিসিসিআইয়ের পরিচালকরা, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক জেসমিন আক্তার এবং ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের নেতারা ও প্রবাসী ব্যবসায়ীরা।


