৩ জন ক্রিকেটার নিহত পাকিস্তানের হামলায়

আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই ত্রিদেশীয় সিরিজ।

এতে অংশ নেওয়ার কথা ছিল পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট দলের। তবে সাম্প্রতিক সংঘাত ও প্রাণহানির ঘটনায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার ঘোষণা করেছে।

আফগান সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পাকিস্তানের বিমান বাহিনী সম্প্রতি আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়। এতে তিনজন স্থানীয় ক্রিকেটার প্রাণ হারান। তারা প্রদেশের রাজধানী শারানায় এক প্রীতি ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।

(১৭ অক্টোবর) সামাজিকমাধ্যম এক্সে (Twitter) এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে

“এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। যারা প্রাণ হারিয়েছেন তারা কেবল আমাদের ক্রীড়া অঙ্গনের নয়, গোটা জাতির সম্পদ। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

এ সিরিজটি পাকিস্তানের মাটিতে আফগানিস্তানের প্রথম আন্তর্জাতিক সফর হওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক পাক–আফগান সীমান্ত সংঘাত ও ক্রমবর্ধমান উত্তেজনার কারণে তা আর সম্ভব হচ্ছে না।

গত কয়েক বছরে আফগানিস্তান একাধিকবার পাকিস্তানে খেলার উদ্দেশ্যে সফর করলেও—২০২৩ সালের এশিয়া কাপ এবং চলতি বছরের শুরুর চ্যাম্পিয়ন্স ট্রফি—তাদের পাকিস্তানের বিপক্ষে কোনো সরাসরি ম্যাচ ছিল না।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তজুড়ে তীব্র উত্তেজনা ও সংঘর্ষ চলছে। বিমান হামলা ও পাল্টা অভিযানে এখন পর্যন্ত বহু মানুষ নিহত হয়েছেন।

এ পরিস্থিতিতে ত্রিদেশীয় সিরিজ বাতিলের ঘোষণাকে দুই দেশের সম্পর্কের আরও অবনতি হিসেবে দেখছেন ক্রীড়া বিশ্লেষকরা।

অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এখনো বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

    #আফেই

সম্পর্কিত খবর