সোনালী আঁশের ইপিএস বেড়েছে তিন গুণের বেশি
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ভালো মুনাফা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে তিন গুণের বেশি। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে পাট খাতের কোম্পানিটি।
তথ্যমতে, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে সোনালী আঁশের ইপিএস হয়েছে ৪৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৪ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩০ পয়সা বা ৩ দশমিক ১৪ গুণ। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৬ টাকা ৯ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৩ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৬২ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৮২ দশমিক ২৬ শতাংশ।
