শিরোনাম
down of head

শিক্ষক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

ঝালকাঠির কাঁঠালিয়ার শাহজাহান মাস্টার হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকাল ৫টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- লতিফ হাওলাদার (৬২), ছালাম জমাদ্দার (৫২) ও সরওয়ার হোসেন (৪২)। রায় ঘোষণার সময় সারওয়ার হোসেন আদালতে উপস্থিত ছিলেন না। এদের মধ্যে লতিফ দক্ষিণ চেচরি গ্রামের মৃত আ. মজিদ হাওলাদারের, সালাম একই গ্রামের জয়নাল জমাদ্দারের ছেলে। এছাড়া পলাতক সরওয়ার হোসেন একই গ্রামের জয়নাল মাস্টারের ছেলে। রায়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৭ মার্চ রাত ৯টা ৪৫ মিনিটের দিকে চেচরিরামপুর পীর খানজাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহাকারী শিক্ষক শাহজাহান মাস্টার চেচরিরামপুর গ্রামের জোড়া পোল বাজার থেকে বাড়ি আসার পথে আসামিরা তাকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে। শাহজাহান মাস্টারের সঙ্গে আসামিদের স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধ ছিল। এ ঘটনায় নিহতের ভাই মানিক হাওলাদার বাদী হয়ে কাঁঠালিয়া থানায় ওই বছরের ১৮ মার্চ হত্যা মামলা দায়ের করেন।

কাঁঠালিয়া থানার এসআই মো. শহিদুল ইসলাম ২০০৭ সালের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মনু ও আসামিপক্ষে অ্যাডভোকেট মল্লিক নাসির উদ্দিন কবির মামলা পরিচালনা করেন।

সম্পর্কিত খবর