রূপালী লাইফ ইন্স্যুরেন্সকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ
‘আপন দেশ’ পত্রিকায় রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-কে জড়িয়ে সম্প্রতি প্রকাশিত তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রকাশিত প্রতিবেদনগুলোকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে রূপালী লাইফ কর্তৃপক্ষ।
এক লিখিত প্রতিবাদলিপিতে কোম্পানীর জনসংযোগ কর্মকর্তা জানান, রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দেশের প্রচলিত বীমা আইন ও নীতিমালা যথাযথভাবে পরিপালন করে অত্যন্ত স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। সূচনা লগ্ন থেকেই প্রতিষ্ঠানটি সম্মানিত বীমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে সর্বোচ্চ আন্তরিকতার পরিচয় দিয়ে আসছে।
তিনি উল্লেখ করেন, ২০২৫ সালে কোম্পানীর বীমা দাবি পরিশোধের হার ছিল ৯৯.৪৪ শতাংশ, যা দেশের বীমা শিল্পে এক অনন্য দৃষ্টান্ত।
প্রতিবাদলিপিতে বলা হয়, প্রকাশিত সংবাদে যেসব তথ্য পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ মনগড়া ও বিভ্রান্তিকর। বর্তমানে মাঠ পর্যায়ে বীমা গ্রাহকগণ যথাসময়ে নির্বিঘ্নে তাদের সকল পাওনা ও দাবি বুঝে পাচ্ছেন। ফলে কোম্পানীর কর্তৃপক্ষের কাছে গ্রাহকদের কোনো অভিযোগ নেই এবং তাদের আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে।
রূপালী লাইফ কর্তৃপক্ষের মতে, একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল ভিত্তিহীন গুজব ও অপপ্রচার ছড়িয়ে কোম্পানীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং এর সুসংহত অগ্রযাত্রাকে থমকে দেওয়ার হীন চেষ্টা চালাচ্ছে।
প্রতিষ্ঠানটি আশ্বস্ত করে জানায়, রূপালী লাইফ ইন্স্যুরেন্স সর্বদা বীমা আইন মেনে গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও স্বচ্ছতার সাথে দেশের জীবন বীমা খাতে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।


