রায়পুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
রমজানের শুরুতেই সয়াবিন তেল, শসা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও বিভিন্ন ফলসহ সবজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে লক্ষ্মীপুরের রায়পুরের বাজারগুলোতে। এতে নাভিশ্বাস হয়ে উঠেছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোকজন।
তাই বাজারে দ্রব্যমূল্যের স্থিতিশলীলতা বজায় রাখতে মঙ্গলবার দুপুরে রায়পুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা অঞ্জন দাশ ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল ইকবাল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
এদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কাঁচামালের দাম কিছুটা কমিয়ে দেন ব্যবসায়ীরা। তবে অভিযান শেষে আবারো ফল ও কাঁচামালের দাম বাড়িয়ে দেওয়া হয় বলে ক্রেতারা অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ বলেন, বাজারে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা ও দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় অর্থদণ্ড প্রদানসহ মোট ৯টি মামলায় ২০ হাজার ও ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।



