যুক্তরাষ্ট্রের সাথে গ্যাস চুক্তিতে স্বাক্ষর করল ভারত
চুক্তির আওতায় ভারতে ব্যবহৃত মোট তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) প্রায় ১০ শতাংশ সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সাথে একটি ‘গুরুত্বপূর্ণ’ চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এই চুক্তির আওতায় ভারতে ব্যবহৃত মোট তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) প্রায় ১০ শতাংশ সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। ভারত মূলত তার জ্বালানি উৎসগুলোকে বৈচিত্র্যময় করার চেষ্টা করছে।
গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করার পর ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেন, দেশটি কম দামে রাশিয়ার কাছ থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে ইন্ধন জোগাচ্ছে।
ট্রাম্প দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্ভাব্য বাণিজ্য চুক্তির অংশ হিসেবে রাশিয়া থেকে তেল আমদানি কমাতে সম্মত হয়েছেন। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনও নিশ্চয়তা দেয়নি নয়াদিল্লি।
কৃষি বাণিজ্য ও রুশ তেল ক্রয়সহ বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকা সত্ত্বেও ভারত ও যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাচ্ছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি বলেন, যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চল থেকে বছরে ২.২ মিলিয়ন টন এলপিজির জন্য এক বছরের চুক্তি স্বাক্ষর করেছে ভারত। যা ভারতের বার্ষিক জ্বালানি আমদানির ‘প্রায় ১০ শতাংশ’ সরবরাহ করবে।
তিনি এক বিবৃতিতে বলেন, ‘এটি ভারতের বাজারের জন্য মার্কিন এলপিজির প্রথম কাঠামোগত চুক্তি। ভারতের জনগণকে নিরাপদ, সাশ্রয়ী মূল্যের এলপিজি সরবরাহের প্রচেষ্টায় আমরা আমাদের এলপিজির উৎসগুলোকে বৈচিত্র্যময় করে তুলছি।’
এর আগে, অক্টোবরে ভারতীয় রাষ্ট্র-সমর্থিত পরিশোধক এইচপিসিএল-মিত্তল এনার্জি জানিয়েছিল, যুক্তরাষ্ট্র মস্কোর দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপের পর তারা রাশিয়ার অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দিয়েছে।
রুশ অপরিশোধিত তেলের প্রধান ক্রেতা ভারতীয় ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও বলেছে, তারা মার্কিন নিষেধাজ্ঞার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব মূল্যায়ন করছে।



