মুনাফা থেকে লোকসানে রবি
আগের হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মুনাফা করলেও চলতি ২০২২ হিসাব বছরের একই সময়ে লোকসান গুনতে হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডকে। সদ্যসমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ২ পয়সা। যেখানে আগের হিসাব বছরের সমন্বিত ইপিএস ছিল ৯ পয়সা। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৪৯ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২ টাকা ৪৫ পয়সা।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে রবি আজিয়াটা। এর মধ্যে ২ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ও ৩ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ৩৩ পয়সা।


