লিন্ডে বাংলাদেশের মুনাফা কমেছে ১৫%

চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় আয় সমান্য কমলেও কর-পরবর্তী নিট মুনাফা ১৫ শতাংশের বেশি কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের। সর্বশেষ প্রকাশিত কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির আয় হয়েছে ২৫১ কোটি ৮০ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ২৫২ কোটি ৮৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ১ কোটি ৪ লাখ টাকা বা দশমিক ৪১ শতাংশ। প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৩ কোটি ১৮ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৬৩ কোটি ৩ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৯ কোটি ৮৪ লাখ টাকা বা ১৫ দশমিক ৬২ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ টাকা ৯৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৪১ টাকা ৪২ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭৫ টাকা ৫০ পয়সায়।

অন্যদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) লিন্ডে বাংলাদেশের আয় হয়েছে ১১৫ কোটি ৪০ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১২৫ কোটি ৩৭ লাখ টাকা। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৩ কোটি ২৮ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৩৪ কোটি ৩০ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ টাকা ৩০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে তা ছিল ২২ টাকা ৫৪ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লিন্ডে বাংলাদেশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮০ টাকা ৫৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭০ টাকা ৫৫ পয়সা। সে হিসাবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১০ টাকা বা ১৪ দশমিক ১৭ শতাংশ। ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৯৫ টাকা ৫৫ পয়সা।

সম্পর্কিত খবর